লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ বা শিক্ষানীয় কিছু কথা। লাইলাতুলকদর অসাধারণ মর্যাদাপূর্ণ রাত।

Views

১। “যে ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রে কিয়াম করে (নামাজ পড়ে) তার অতীতের গুনাহগুলি মাফ করে দেয়া হয়।” (বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, দারেমী, মুসনাদে আহমাদ)

“তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ কর।” (বুখারী, মুসলিম, তিরমিযি, আহমাদ)

উপরোক্ত হাদীস থেকে আমরা জানতে পারি যে শুধু ২৭শে রমজানের রাতকে লাইলাতুল কদর ধরে নিয়ে ইবাদাত করা সঠিক নয়। এ ব্যাপারে দুই একটা ভিন্নমত থাকলেও আরো বহু সংখ্যক সহীহ হাদীস থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯শে রাতগুলির প্রত্যেকটিতেই লাইলাতুল কদর-এর খোঁজ করা দরকার।

২।লাইলাতুল কদরে সারা রাত জাগার প্রয়োজন নেই। অর্ধেক রাত জেগে ভালভাবে ইবাদাত করে কাটিয়ে দিতে হবে। এটাই আল্লাহর রসূল (সঃ)-এর সুন্নাত। দেখুন,

“রসূল (সঃ) রাতের প্রথম ভাগে ঘুমাতেন এবং শেষভাগে জাগতেন।” (মুসলিম” ৬ষ্ঠ অধ্যায়, ১৫তম পরিচ্ছেদ, ইসলামিক সেন্টার: হাদীস নং ১৬০৫)

এটা হল যে কোন রাত জেগে ইবাদাত করার সাধারণ নিয়ম। আর লাইলাতুল কদর সহ অন্য কোন রাতের জন্যও এই নিয়মের ব্যতিক্রম ছিলনা, তার প্রমাণ:
হযরত আয়শা (রঃ) বলেন, “আমি রসূলুল্লাহ (সঃ)-কে কখনও ভোররাত পর্যন্ত সারারাত জেগে ইবাদাত করতে বা রমজান ছাড়া এক নাগাড়ে পুরো মাস রোজা রাখতে দেখিনি।” (মুসলিম: ৬ষ্ঠ অধ্যায়, ১৫তম পরিচ্ছেদ, ইসলামিক সেন্টার: হাদীস নং ১৬২১)

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বুখারী শরীফ ২য় খন্ডের ১০৬৪, ১০৮৪ এবং ১০৮৬ নং হাদীস দ্রষ্টব্য।

৩। এই বিজোড় রাতগুলোতে পরিশ্রম করতে হবে, অর্থাৎ যত্নের সাথে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির আর দোয়ার মাধ্যমে রাতগুলি অতিবাহিত করতে হবে।
“যখন রমজানের শেষ দশ দিন শুরু হত, তখন রসূলুল্লাহ (সঃ) নিজে জাগতেন, নিজ পরিজনদেরও জাগাতেন, কঠোর পরিশ্রম করতেন এবং কোমরে লুঙ্গি শক্ত করে বাঁধতেন।” (বুখারী, মুসলিম, তিরমিযী, আবূ দাউদ, ইবনু মাজাহ, নাসাঈ)
এই রাতগুলিতে পড়ার জন্য রসূল (সঃ)-এর একটা শিখিয়ে দেয়া দোয়া এরকম:
“আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফূ আন্নী।” অর্থাৎ, “হে আল্লাহ, নিশ্চই তুমি ক্ষমাশীল, ক্ষমা করা তুমি পছন্দও কর, কাজেই আমাকে ক্ষমা কর।” (তিরমিযী [হাসান সহীহ], ইবনু মাযাহ)

৪। কোথায় ইবাদাত বন্দেগী করবেন?
বেশিরভাগ মানুষ এই রাতগুলিতে মসজিদে অবস্থান করেন বা করতে চান। কিন্তু এই রাতগুলিতে নিজের পরিবারের সাথে সময় দিলেই বেশি লাভ। কারন—
প্রথমত, আপনি নিজেও ইবাদাত করছেন, সাথে সাথে আপনার স্ত্রী, সন্তান, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের ইবাদাতের জন্য তাগাদা দিতে পারছেন, তাদের বিভিন্ন দোয়া, তাসবীহ শিখাতে পারছেন বা নফল নামাজ পড়তে উৎসাহিত করতে পারছেন। আপনি মসজিদে থাকলে শুধু আপনার লাভ। কিন্তু বাসায় থাকলে আপনার তত্ত্বাবধানে পরিবারের প্রত্যেকেই উপকৃত হচেছ।
দ্বিতীয়ত, এতে আপনার সওয়াবও বহুগুণ বেড়ে যাচ্ছে। একে তো নিজের আমল, তার উপর আপনার কারনে আপনার পরিবারের সদস্যরা যত বেশি আমল করবে, আপনি তারও অংশীদার হচ্ছেন। ভেবে দেখুন, আপনার পরিবারের কেউ ১০০০ মাসের নেক আমল করল আর আপনি নিজের সওয়াব সহ তার সওয়াবের অংশও পেলেন! কত বড় সৌভাগ্যের কথা!
তবে মসজিদে যদি কয়েকজন একত্রে পরষ্পরকে সাহায্য সহযোগিতা করার নিয়তে থাকেন তাহলে তা ভিন্ন কথা।

৫। ইবাদাতের মাঝে বিশ্রাম নিন আর নিজের সামর্থের বেশি কিছু করবেন না।
একটানা নামাজ, কুরআন তিলাওয়াত বা তাসবীহ পড়তে পড়তে ক্লান্ত লাগলে বাইরে হেঁটে আসুন, এক কাপ চা খান, পানি খান, বন্ধু বা পরিবারের সাথে একটু আলাপ করুন বা অন্য কোনভাবে নিজেকে আবার চাঙ্গা করে তুলুন। ইবাদাতের মাঝে এই সময়টুকু বৃথা যাবে না। এর জন্যও আপনি ইবাদাতের সওয়াব পাবেন।
আল্লাহ বলেন, “আল্লাহ তোমাদের জন্য (নিয়ম কাণুন) সহজ করতে চান; কঠিন করা তাঁর ইচ্ছা নয়।” (সূরা বাকারাহ: ১৮৫)
একবার রসূলুল্লাহ (সঃ) হযরত আয়শা (রাঃ)-এর ঘরে গিয়ে এক মহিলাকে দেখলেন। তাঁকে জানান হল, ঐ মহিলা প্রচুর নামাজ পড়ে। তখন রসূলুল্লাহ (সঃ) বললেন, ‘থামো! তোমরা সাধ্যমত আমল কর। …’ (বুখারী, মুসলিম, নাসায়ী, আবূ দাউদ, ইবনু মাজাহ)
আরেক হাদীসে রসূল (সঃ) বলেন, “দ্বীনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হয়ে গেছে।” এটা তিনি তিনবার বলেছেন। (মুসলিম, আবূ দাউদ, আহমাদ)

কোন মন্তব্য নেই

✔যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন।
❌প্লিজ কেউ কেনো প্রকার আজে বাজে কমেন্ট করবেন না।

Blogger দ্বারা পরিচালিত.